logo

ককটেল বিস্ফোরণের ভিডিও ছড়ানো নিয়ে বিরোধ, যুবককে মারধরের অভিযোগ

ককটেল বিস্ফোরণের ভিডিও ছড়ানো নিয়ে বিরোধ, যুবককে মারধরের অভিযোগ
আহত হাবিব মুন্সি। ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

মাদারীপুরে সড়কে ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে হাবিব মুন্সি নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হাবিবকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকার বড় খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাবিব মুন্সি ওই এলাকার রজ্জব আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই নির্জন একটি ইটের সড়কে সিয়াম খা নামের এক যুবক ককটেল বিস্ফোরণ ঘটান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয় হাবিব মুন্সির বিরুদ্ধে। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যার পর হাবিব মুন্সিকে একা পেয়ে একই এলাকার তাফছির ফকির, সিয়াম খা, দিদার খা, সালাউদ্দিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান।

এ সময় তাকে বেধড়ক মারধর করে আহত করা হয়। হাবিবের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।