কুমিল্লায় ক্রিকেট খেলা দেখতে গিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার হোমনা উপজেলায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগেরচর মাদকবিরোধী শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোমনা উপজেলার বাঘসীতারামপুর গ্রাম এবং বাঙ্গরা বাজার উপজেলার বি. চাপিতলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাঘসীতারামপুর গ্রামের ছোটনের ছেলে বাকি বিল্লাহ, হারুনুর রশিদের ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের রাশেদ ও সিয়াম এবং বি. চাপিতলা গ্রামের এরশাদসহ অন্তত ১০ জন রয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জাকির এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, দুই উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ধরনের হামলা ও সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। তিনি উভয় গ্রামের বাসিন্দাদের সংযত থাকার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বরুড়া বলেন, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
