logo
Advertisement

শরীয়তপুরে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

এশিয়া পোস্ট নিউজ,শরীয়তপুর
শরীয়তপুরে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষিকার
নিহত শিক্ষক নাজরীন সুলতানা শেলী। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজরীন সুলতানা শেলী (৫০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

নাজরীন সুলতানা শেলী শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২২ আগস্ট) সাধারণ জ্বর নিয়ে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নাজরীন সুলতানা শেলী। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ২৩ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উত্তরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজরীন সুলতানা শেলী।

নিহতের ছেলে সাজিদ রাব্বি বলেন, আমার মা অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উত্তরা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। দুই দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার তাকে আজগর আলী হাসপাতালে নেই, তখনো আমার মা সুস্থ ছিলেন, আমার কাছে খেতেও চেয়েছেন। এর পরপরই হঠাৎ স্ট্রোক করেন। তারপর ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে আজকে দুপুরে মা মারা গেলেন। অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।

আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, ম্যাডাম অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। পাশাপাশি তিনি একজন ভালো শিক্ষকও ছিলেন। ছাত্র-ছাত্রীদের কাছে তার গ্রহণযোগ্যতাও ছিল অনেক। তার মৃত্যুতে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী গভীরভাবে মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এর আগে গত বছর সড়ক দুর্ঘটনায় তার ছোট ছেলে আলবাব রেজা রোহান নিহত হন। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার মাকেও হারাল পরিবারটি।

বিষয় :