‘হেতের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি, পাইলে ধরি নিয়ে আসমু’ ফেসবুক মন্তব্যকারীকে এমপি

ফেসবুকে দেওয়া পোস্টে মন্তব্য করায় এক সমালোচকের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল এবং ধরে আনার হুমকি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি গালি দিছি। হেতের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি, তারে পাইলে ধরি নিয়ে আসমু।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে মোবাশ্বের আলম ভূঁইয়া লিখেছেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’
পোস্টটি প্রকাশের পর কমেন্ট বক্সে সৌরভ হোসেন সরওয়ার নামে এক ব্যক্তি মন্তব্য করে লেখেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ সেই মন্তব্যের জবাবে এমপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে চরম অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে সরাসরি গালি দিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্যে করে লেখা হয়, ‘.... (গালি) তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সংসদ সদস্যের আইডি থেকে এমন কুরুচিপূর্ণ জবাব প্রকাশের পরপরই তোলপাড় শুরু হয়। পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই ‘হাহা’ রিঅ্যাকশন দেন এবং বিষয়টির তীব্র সমালোচনা করেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, ‘সত্য আমি লিখছি। হেতেরে টোকাইতেছি ধরবের লাইগা। এটার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কী লিখছি। আপনাদের মত সাংবাদিকরা বলবেন, এটা সুপার এডিট! না, এটা কোনো এডিট না, আমি যা বলছি, আমি এটা সত্য বলছি।’
নিজের ব্যবহৃত অশালীন ভাষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকাশ্যে গালি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি গালি দিছি। হেতের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি, তারে পাইলে ধরি নিয়ে আসমু।’
এমপি আরও যোগ করেন, ‘হেতেরা মিছিল করছে, পুলিশ আসামি ধরছে, তাহলে এটা নিয়ে নাচে কেন! পারলে তাদেরকে ঠেকাবিনা। যেখানে এ ঘটনা, সেখানে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। বিএনপির ঘরানার লোক আমাকে বেজ্জতি করলে আমি কি আই লাভ ইউ বলব! আমি বলতে পারব না? সোজাসাপটা হিসাব।’



