logo

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫, মুচলেকায় ছাড়া ১৪৪

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫, মুচলেকায় ছাড়া ১৪৪
আটক কিশোরদের একাংশ কোম্পানীগঞ্জ থানায়। ছবি : পুলিশের সৌজন্যে

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে পাঠানো হয়েছে। বাকি ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সুধারাম মডেল থানায় ১৫ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সেনবাগ থানায় ৪ জন, চরজব্বর থানায় ৮ জন, সোনাইমুড়ী থানায় ৪ জন, চাটখিল থানায় ৪ জন এবং কবিরহাট থানায় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে হাতিয়া থানায় আটক করা হয় ৫১ জনকে। তাদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে পাঠানো হয়েছে। বাকি ৫০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।