শরীয়তপুরে ১৪০০ অসহায় পরিবার পেল কোরবানির মাংস

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে শরীয়তপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)।
শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার এসডিএস একাডেমি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের কর্মকর্তাসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের কর্মসূচির আওতায় সদর ও জাজিরা উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এদিকে মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। তারা জানান, আর্থিক সংকটের কারণে অনেকেই কোরবানি দিতে পারেন না। এই সময়ে এমন সহায়তা তাদের জন্য ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্যই আমরা প্রথমবারের মতো জাজিরা ও সদর উপজেলার ১ হাজার ৪০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করেছি। ভবিষ্যতে পুরো জেলাব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখবো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকব।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।