কৃষকের ৭৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে চার কৃষকের ৭৫০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) রাতে আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের জিকে খাল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে মাঠে কাজ করতে গেলে বিষয়টি কৃষকদের নজরে আসে।
ভুক্তভোগী ডামোশ গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, ‘আমি দিনমজুর। খুব কষ্টে সংসার চালাই। বাড়ির পাশের খালের পাড়ে ২০০টি কলাগাছ রোপণ করি। গাছগুলো থেকে কিছুদিনের মধ্যে কলা আসত। কিন্তু সকালে জানতে পারি, কলাগাছগুলো কে বা কারা কেটে দিয়েছে। এতে আমার প্রায় ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

একই গ্রামের কৃষক তুফান আলী বলেন, ‘আমি গরিব মানুষ। আমার সঙ্গে কারও বিরোধ নেই। কিন্তু আমারও ২৫০টি কলাগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে। এতে আমার ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’
গ্রামের কৃষক মিজানুর রহমান ও আব্দুস সালামেরও প্রায় ৩০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ওই ঘটনায় এখনো কৃষকের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।