গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের একটি মোটরসাইকেল থেকে কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। পরবর্তীতে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরি ও এর সঙ্গে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজন যুক্ত থাকার বিষয়টি শনাক্ত করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।
একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং মূল সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে নিজ নিজ এলাকায় ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাটগাতি বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে গোপালগঞ্জ জেলা সদর থেকেও অতিরিক্ত পুলিশ টিম আনা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। এ ঘটনায় কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
