বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, একইদিন দুপুরে বঙ্গোপসাগরে গুলির ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোছাইন খোকন (১৮) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মো. বাদশার ছেলে।
কুতুবদিয়ার উত্তর ধুরুং আকরবলী ঘাটের বাসিন্দা ও ট্রলার মালিক জসিম উদ্দিন জানান, তিনদিন আগে তার মালিকাধীন ‘এফবি আজুফা আকতার মানু’ ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বুধবার বিকেলে একটি ট্রলার থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বোটটি ডাকাতির শিকার হয়েছে। এতে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পরে আরেকটি বোটে করে গুলিবিদ্ধ জেলে শাহাদাতকে নিয়ে আসার পথে তিনি মারা যান।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন এশিয়া পোস্টকে জানান, গত এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতের ভয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হলেও এখনও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। সাগরে নিরাপদে মাছ শিকারের স্বার্থে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।