Advertisement

নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার
হাবিবুল্লাহ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পান্টি বাজারে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের দোকানের ভেতরে কাঠের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

হাবিবুল্লাহ পান্টি গ্রামের গোলাবাড়ি বাজার এলাকার হামিদ মুসল্লির মেজ ছেলে।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকেই সন্ধান মিলছিল না হাবিবুল্লাহর। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল। ঘটনার সময় তার স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

হাবিবুল্লাহ দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফিরে স্টিল ফার্নিচারের ব্যবসার পাশাপাশি তিনি বিদেশে লোক পাঠানোর (আদম ব্যবসা) কারবারে জড়িয়ে পড়েন। এই ব্যবসার জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, সকালে পান্টি বাজার এলাকার নিজ দোকান থেকে হাবিবুল্লাহ নামের ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।