logo

ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
গ্রেপ্তার ইমরান হোসেন ও আরিফ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ছাড়া একই রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের এক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক দুই ছাত্রলীগ কর্মী হলেন—উপজেলার হঠাৎপাড়া এলাকার এমার হোসেনের ছেলে ইমরান হোসেন (২১) এবং জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২৩)। অন্যদিকে, বিশেষ অভিযানে আটক যুবলীগ নেতার নাম মনিরুল ইসলাম সাজু, তিনি বদলগাছী উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বদলগাছী থানার কাছাকাছি ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী একটি মশাল মিছিল বের করেন। পরবর্তীতে উক্ত মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে তাদের আটক করে ছাত্রদলের কর্মীরা।

এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলসহ নানা ধরনের অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত মশাল মিছিলের ভিডিও চিত্র তারা নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন এবং নতুন করে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছিলেন। ফলে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে যুবলীগ নেতা মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।