অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের নির্দেশে তাদের কারাগারের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ওই দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান। তিনি বলেন, সোমবার বিকেলে ওই দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ওই দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর। তারা হলো মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)।
এর আগে, কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তুহিনের বয়স ১৯ বছর। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক। পরে মামলায় আরও একজনের সম্পৃক্ততা যাচাই করা হয়। চার আসামিকে আদালতে হাজির করার পর বয়স বিবেচনায় দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগ, ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
