১৮ মাস পর কার্যালয় খুলে মিলাদ পড়লেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

পটুয়াখালীর দশমিনায় দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়। নেতাকর্মীরা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত দলটির স্থায়ী কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে কার্যক্রম শুরু করা হয়। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার ও দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়টি উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর দলীয় কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার সংবাদমাধ্যমকে জানান, দলীয় কার্যালয় খুলে মিলাদ পড়ানো হয়।
এ বিষয়ে জানতে দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে দেন।