logo
Advertisement

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক
জাল টাকাসহ আটক কিশোর ফয়সাল। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার শ্যামনগরে ৫০০ টাকার পাঁচটি জাল নোটসহ ফয়সাল (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আটককৃত জাল টাকা চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজারের শরিফুজ্জিলের মুদি দোকানে টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ফয়সাল খুলনার পাইকগাছা থানার পাটকেলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি জানান, ফয়সাল বাজারে এসে শরিফুজ্জিলের দোকান থেকে মালামাল কেনার পর টাকা দেওয়ার সময় ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে পাঁচটি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় ফয়সাল এর আগে অন্য একটি বাজারে জাল নোটে লেনদেন করার কথা স্বীকার করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, জাল টাকাসহ আটক কিশোর জাল টাকা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকাসহ তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।