logo

বরগুনায় জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

বরগুনায় জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার তালতলীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে তালতলী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকির তবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে মো. রাজু।

পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি।

অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।