logo

বরগুনায় হাতপাখার সমর্থকের পা ভাঙার অভিযোগ, পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা

বরগুনায় হাতপাখার সমর্থকের পা ভাঙার অভিযোগ, পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা

বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমর্থকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, ঘটনাটি হামলা নয়। বরং সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পহলান বাড়ি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সদর উপজেলার লেমুয়া গ্রামের আজিজ আকনের ছেলে মো. জালাল আকন (৪৫)। তিনি পেশায় দিনমজুর।

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও কেওড়াবুনিয়া দরবারের পীর মো. অলি উল্লাহ অভিযোগ করেন, জালাল আকন দিনমজুরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, পথে কিছু দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে জিজ্ঞেস করে তিনি কাকে ভোট দেবেন। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কথা বললে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে লোহার শাবল দিয়ে তার দুই পা পিটিয়ে ভেঙে দেয়।

তিনি আরও বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর আহতকে হাসপাতালে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা সভাপতি মিজানুর রহমান কাসেমী। তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, এটি কোনো হামলার ঘটনা নয়, বরং সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।