রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার পলাশি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. শাহীনের (৫৫) বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে। বাকি সাতজনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। আহতরা সবাই সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলায় পলাশি গ্রামে একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে তারা ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলেন। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে ওই ডাকাত সদস্য নিহত হন। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ৭ জনকে উদ্ধার করে।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ৮ জনের মধ্যে একজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য ৭ জনের মধ্যে ৬ জন ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। একজন ভর্তি আছেন ৮ নম্বর ওয়ার্ডে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।