নারায়ণগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আদালতে এ মামলা দায়ের করেন।
এতে শাহ্ আলম ছাড়াও তার স্ত্রী, দুই পুত্রসহ আটজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারি ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনে তার প্রতীককে তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা বলে প্রচার করছেন। যা প্রতারণা ও সম্পূর্ণ জালিয়াতি। তিনি ভোটারদেরকে বিভ্রান্ত করছেন।
তিনি বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।
আবেদনে মামলার বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম নিজেকে বিএনপির পরিচয়ে উপস্থাপন করেন। তিনি তার হরিণ প্রতীকে ভোট চাইছেন।
সাইফুল ইসলামের অভিযোগ, তিনিসহ তার নেতাকর্মীরা ‘তারেক রহমানের মার্কা হরিণ মার্কা’, ‘দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা’সহ বিভিন্ন স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন। এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা।