পাম্পে তেল নেওয়ার সিরিয়াল নিয়ে সংঘর্ষ

নোয়াখালীর বেগমগঞ্জে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের কর্মচারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার মেসার্স এম জহিরুল ইসলাম পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাম্পটিতে তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি ছিল। এ সময় একটি নির্দিষ্ট চক্র সিরিয়াল অমান্য করে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে পাম্পের কর্মচারীরা আহত হন। এ সময় উপস্থিত ক্ষুব্ধ জনতা বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রের দুই সদস্যকে ধরে পিটিয়ে দিয়ে হাসপাতালে পাঠায়।
পরে তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে পাম্পটিতে জ্বালানি তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, দুজন লোক অতিরিক্ত তেল নিতে গেলে তখন তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাধারণ মানুষ ক্ষুব্দ হয়ে তাদের মারধর করে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে গেছেন। এই ঘটনা আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।