এবার চট্টগ্রামের শুলকবহরে পাহাড়ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকায় পাহাড়ধসের ঘটনায় মাটি চাপা পড়ে সুমাইয়া আক্তার নামে ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে দুই দিনে চট্টগ্রামে পাহাড়ধসে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের একাংশ ধসে পড়লে সুমাইয়া মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে ফায়ার ব্রিগেডের পাশাপাশি যোগ দেয় একটি স্বেচ্ছাসেবী টিম। সবার যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, পাহাড়ধসের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ভাগ্যবশত মাটির নিচ থেকে সুমাইয়া আক্তার নামের ১২ বছরের ওই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটেছে।
দুই দিনে পাহাড়ধসে তিনজনের মৃত্যুর ঘটনায় নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।





