logo

রাজবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পৃথক এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন পাংশা পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং পাংশা পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের সাবেক কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। সাইফুজ্জামান শুভ মৌরাট ইউনিয়নের শওকত আলী সরদারের ছেলে এবং রুবেল সরদার পৌরসভার মৈশালা বড়গাছি গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর (২০২৫) পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।