জয়পুরহাটে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় শহীদ ড. আবুল কাশেম ময়দানে খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা বজলুর রহমান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই লক্ষ্যে তারা দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
.png)





