চাঁপাইনবাবগঞ্জে আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতের এজলাস ও বিচারকের খাসকামরায় ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আদালতের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মামলাটি দায়ের করেন যুগ্ম জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মতো স্পর্শকাতর স্থানে হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত রোববার দুপুরে ২০২৪ সালে দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় চার আসামির জামিন শুনানি চলছিল। শুনানিকালে আদালতে বিদ্যুৎ না থাকায় বিচারক মো. উজ্জ্বল মাহমুদ আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা উল্লেখ করেন। কিন্তু ওই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ— বিচারক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের অনাকাঙ্ক্ষিত সমালোচনা করেছেন।
এই ঘটনার জেরে দলটির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এর কিছুক্ষণ পর একই মামলার অপর এক আসামির জামিন আবেদনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে আদালতের এজলাসের জানালা এবং বিচারকের খাসকামরার দরজার কাচ ভাঙচুর করে।
এ ঘটনার পর থেকে আদালত প্রাঙ্গণে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
.png)


