খুলনায় পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

খুলনার লবণচরা এলাকায় একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে কাঠের গুঁড়ির বস্তার নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে হরিণটানা আশিবিঘা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আব্দুল আউয়াল বুধবার গ্রেপ্তার হন। তিনি খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি লবণচরা থানার একটি হত্যা মামলার আসামি।
পুলিশের ভাষ্য, এর আগে গ্রেপ্তার হওয়া ওই মামলার অপর এক আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আউয়ালের নাম উল্লেখ করেন। পরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে আউয়াল অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) খুলনা জোন মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এবং লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের দল হরিণটানা আশিবিঘা এলাকার আল আকসা মসজিদ গলিতে ইসরাফিলের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা টিনের খড়ির ঘরে তল্লাশি চালায়। একপর্যায়ে কাঠের গুঁড়ির বস্তার নিচে লুকানো অবস্থায় অস্ত্রের সন্ধান পাওয়া যায়।
পুলিশ জানায়, আউয়াল সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি বের করে দেন। পরে পুলিশ সেগুলো উদ্ধার ও জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
