Advertisement

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা
নিহত আলিনুর ফকির। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়া কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আলিনুর ফকির। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত না দিয়ে রাজিব নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন। শনিবার রাতে টাকা পরিশোধের কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার সহযোগীরা। রাত ১০টার দিকে আলিনুর তার ভাই আমিনুরকে সঙ্গে নিয়ে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় :নড়াইল