Advertisement

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
আসামি আসাদ। ছবি: সংগৃহীত

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ডিবি কার্যালয়ের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে নিজের পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আসামি আসাদ (২৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া এলাকার মতি মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি সারিয়াকান্দি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ জুন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার ব্যবহৃত অটোরিকশাটি নিখোঁজ ছিল। পরে ১ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। তদন্তে আসাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেপ্তারের পর আসাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসাদসহ তিনজন বগুড়া শহর থেকে আব্দুল মান্নানের অটোরিকশা ভাড়া করে সারিয়াকান্দি যান। সেখানে চালককে হত্যার পর অটোরিকশাটি নিয়ে আসাদ নওগাঁয় তার এক আত্মীয়ের বাড়িতে যান। গ্রেপ্তারের পর এসব তথ্য তিনি পুলিশের কাছে স্বীকার করেছিলেন।

তিনি আরও বলেন, রোববার সকালে নাশতা শেষে আসাদ ডিবি কার্যালয়ের টয়লেটে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদুল ইসলাম রনি বলেন, নিহতের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। তবে শরীরের অন্য কোথাও কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিষয় :বগুড়া