আশ্রয়ের সুযোগে শিশুটিকে নিয়ে পালালেন তরুণী

অসহায়ত্বের আকুতি জানিয়ে গৃহবধূর ঘরে আশ্রয় নিয়েছিলেন ২০ বছর বয়সি তরুণী। সন্ধ্যা নামতে গৃহবধূকে জানালেন তার এক মাস বয়সি কন্যাশিশুটিকে কোলে নিতে চান তরুণী। কোলে নিলেনও, কিন্তু কিছু সময়ের মধ্যে উধাও হয়ে গেলেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে শিশুটির চিকিৎসার জন্য মা বিজলি খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার পিছু নেন ওই অজ্ঞাত তরুণী। নিজেকে বিপদগ্রস্ত ও অসহায় দাবি করে বিজলির কাছে সহায়তা চান। পরে ওই তরুণীকে বাড়িতে আশ্রয় দেন বিজলি।
দিনভর ওই বাড়িতে অবস্থান করার পর সন্ধ্যার দিকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান ওই তরুণী। বুঝতে পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতেই শিশুটির মা বিজলি খাতুন লালপুর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের লক্ষণবাড়ি মাঠের পাশে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। সেখানে গিয়ে তারা শিশুটিতে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, শিশুটির মা শনিবার রাতেই থানায় মামলা করেছেন। পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। রোববার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।