logo

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে প্রশংসা কুড়াচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে।

জানা যায়, ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আমিনুল ইসলাম। এরপর কেটে যায় দীর্ঘ ২৭ বছর। সংসার ও জীবিকার দায়িত্বে জড়িয়ে পড়ায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার তাগিদ অনুভব করেন আমিনুল। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে নতুন করে পড়াশোনা শুরু করেন। অংশ নেন চলতি বছরের এইচএসসি পরীক্ষায়।

আমিনুল ইসলাম বলেন, শিক্ষার কোনো বয়স থাকতে নেই, শুধু ইচ্ছাশক্তির প্রয়োজন। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করি। সংসার ও দায়িত্ব সামলেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি। সুযোগ হলে আগামীতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁঞা জানান, ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।