logo

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল শান্ত, গাড়িচাপায় নিহত 

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল শান্ত, গাড়িচাপায় নিহত 

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে শান্ত কুমার সাহা নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। 

রোববার (৮ মার্চ) রাতে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় তাকে ধাক্কা দিলে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত হন।​ 

নিহত শান্ত  (১৬) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইফতারের কিছু সময় আগে লালপোল মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শান্তকে তার অটোরিকশাসহ এক যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ছিনতাইকারীরা তাকে মারধর করে মহাসড়কের পাশের একটি কালভার্টের নিচে ফেলে দেয়। শান্ত সেখান থেকে উঠে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা তাকে জোরে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কের ওপর ছিটকে পড়লে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শান্ত মারা যান।

নিহতের ফুপাতো ভাই নিপুল দাস জানান, সন্ধ্যায় শান্তর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অন্য এক চালকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, যেখান থেকে যাত্রী তোলা হয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

​শান্তর খালাতো বোন নিপা রানী দাস জানান, ইফতারের ঠিক আগে মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শান্তর সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। তখন শান্তর অটোরিকশায় কয়েকটি বস্তা ছিল এবং পাশে একজন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইফতারের সময় রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে তদন্ত শুরু করেছে।