রাজশাহীতে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ শিশু এই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শঙ্কর কে. বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন (সাসপেক্টেড) উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছে ২৪ জন রোগী। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যুবরণ করেছে।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হামকে অনেকেই হালকা রোগ হিসেবে মনে করার ভুল ধারণাই বর্তমান সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং সঠিকভাবে চিকিৎসা না হলে এটি গুরুতর জটিলতা এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে। তাই সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা (আইসোলেশন), পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা নিতে হবে।
এ ছাড়া বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে হলে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশে ফিরিয়ে আনতে হবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে হবে।