জামিন পেলেন সংবাদ প্রকাশের জেরে মামলা হওয়া মনপুরার ৩ সাংবাদিক

ভোলার মনপুরায় সংবাদ প্রকাশ করায় যুবদল নেতার করা মামলায় জামিন পেয়েছেন তিন সাংবাদিক।
সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কলাতলীতে ভূমিহীন ও অসহায় মানুষের জমিতে চাষাবাদে বাধা দিয়ে ঘাস বিক্রির অভিযোগে সংবাদ করেন ওই তিন সাংবাদিক। পরে গত ২১ আগস্ট মনপুরা থানায় এ মামলাটি করেন স্থানীয় যুবদল নেতা মো. আলাউদ্দিন।
জামির প্রাপ্ত তিন সাংবাদিক হলেন—আরটিভির মনপুরা উপজেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ সৈকত, দৈনিক সকালের সময়ের মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং দৈনিক দেশের কণ্ঠের মনপুরা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ আগস্ট কলাতলী ইউনিয়নে ভূমিহীনদের জমিতে চাষাবাদে বাধা সৃষ্টি করে মহিষপালকদের কাছে ঘাস বিক্রি করে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। তথ্য সংগ্রহের পর এ নিয়ে সংবাদ প্রকাশ করেন ওই তিন সাংবাদিক। এর জেরে তাদের ওপর ক্ষুব্ধ হয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি সাংবাদিকদের। এর আগে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা এবং ক্যামেরা ও মোবাইল ভাঙচুরের অভিযোগও ওঠে, যা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
মামলার পর তিন সাংবাদিক আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ৩১ আগস্ট মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো অনিয়ম বা অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়।
তারা আরও বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভবিষ্যতেও তারা পেশাগত দায়িত্ব পালন করে যাবেন।



-84d128.jpg)