দাওয়াত না পেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠান বন্ধ করলেন বিএনপি নেতারা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না করায় বিদ্যালয় কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দৌড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আওয়াল লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি কারণ জানতে চান। এ সময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের গালিগালাজ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আতঙ্কিত হয়ে শিক্ষার্থী এদিক-সেদিক ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। এরপর বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তালা দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘণ্টাখানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন জানান, আরমান আওয়াল হাশেম ও মান্নানের নেতৃত্বে একদল ব্যক্তি দাওয়াত না পাওয়ার অজুহাতে এসএসসি বিদায় অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা প্রত্যেকেই বিএনপির ওয়ার্ড কমিটির নেতা বলে দাবি করেন তিনি। অনুষ্ঠান পণ্ড করার পর তারা হুমকি দিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত আরমান আওয়াল হাশেম ও মান্নানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ওই ঘটনার তদন্ত কমিটি করা হবে। বিএনপির কারও সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো ছাড় হবে না।