logo

পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলা কলিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ

পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলা কলিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ

পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি শাপলা কলিকে বিজয়ী করে আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝার বাজার-সংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি গত ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। এই পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের সকলকে শাপলা কলিকে বিজয়ী করে আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা জানি বিগত তিনটি নির্বাচনে আপনারা ভালোমতো ভোট দিতে পারেননি। কেউ ভোট দিতে গিয়ে দেখেছেন, আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। অথবা কেন্দ্রে ঝামলে লাগিয়ে আপনারা আর ভোট দিয়ে ফিরে আসতে পারেননি। এবার কী আপনারা ভোট দিতে চান? শুধু চাইলেই হবে না। এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার প্রতিবেশী ও আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। 

ভোটারদের উদ্দেশ করে এনসিপির এই মুখপাত্র বলেন, আমরা জানি বিগত দিনে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আপনাদের এখান থেকে এমপি-মন্ত্রী হয়েছে ঠিকই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন করতে তারা কাজ করে নাই। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করে নাই।

পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।