Advertisement

দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে দিরাই উপজেলা পরিষদ শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে থানা রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানকার শহীদ মিনারে তারা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্যসচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিতর্কিত প্রক্রিয়ায় ঘোষিত নিয়োগ বাতিল এবং ইউএনওর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার জানান, ফল প্রকাশের পর ছাত্রদলের নেতাকর্মীরা তার কাছে এসে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের নিয়োগ দেওয়ার মৌখিক ও লিখিত অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমরা তো স্থানীয়দের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না। তাই তাদের বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বাদ দেওয়া হবে। সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী নিয়োগ কমিটি কাজ করছে। কাউকে এখনও দায়িত্ব হস্তান্তর করা হয়নি এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রদলের মঙ্গলবারের কর্মসূচি সম্পর্কে তিনি আগে থেকে কিছু জানতেন না বলে জানান।