logo

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

তারা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

সিঙ্গাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ২টার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়ি লোকজন তাদের বাড়ির সামনে মজনু ও দ্বীন ইসলামকে দেখে চিৎকার করে। এ সময় ওই বাড়ির ও গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটক করেন। এরপর ওই দুই যুবককে গরু চোর সন্দেহে গণপিটুনি দেয় সবাই। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পরামর্শ দেন। পরে তাদের ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৬টার দিকে তারা দুজন মারা যান।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।