logo

ভাতিজার বিরুদ্ধে চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

ভাতিজার বিরুদ্ধে চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
মানচিত্রে সাতক্ষীরা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে চাচি সুধা রানী মন্ডলকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় আরও আহত হয়েছেন অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮)। ঘটনার পর অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রমেশ মন্ডল ওই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল একই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। আহত সমীর কুমার মন্ডল নিহতের ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল তার মা, চাচি ও চাচাতো ভাইকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত সমীর কুমার মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত মা কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সুধা রানী মন্ডলের মরদেহ বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে।