logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ফটক। ছবি : কলেজের ফেসবুক পেজ

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ওপর হেনস্তা ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ছাত্রশক্তির আহ্বায়কসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে গেলে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

হামলায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মহসিন কলেজে আসেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্যসচিব আবদুর রহমান। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় গেলে তারা ছাত্রশিবিরের নেতাকর্মীদের হেনস্তা ও হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীরা উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে বেশ কয়েকজনকে মারধর করেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর শাখা। পাশাপাশি হামলার প্রতিবাদ ও প্রকৃত ঘটনা তুলে ধরতে বিকেলে মহসিন কলেজের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনাটি সত্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আমাদের পরবর্তী কর্মসূচি আজ বিকেল মহসিন কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট