দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বিজিবি সদস্যের বাবার

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দিনগত রাতে উপজেলার দুর্বারচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক আকন্দ একই উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাজহারুল ইসলাম আকাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে দুর্বারচর গ্রামের বয়ড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বলেন, আমি জানতে পেরেছি, বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথ আটকায়। বাবা তাদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বর্তমানে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




