৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

ফরিদপুরের নগরকান্দায় চার কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার দফা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দফা এলাকার কাবুল মাতুব্বর ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ কাবুল মাতুব্বর ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের মাদক ব্যবসার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।