logo

জামিনে মুক্তি পেলেন সেই সাদ্দাম

জামিনে মুক্তি পেলেন সেই সাদ্দাম

স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানকে হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ উদ্দীন।

এর আগে, সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, মানবিক দিক বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

সাদ্দামের স্বজন ও কারাসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশে ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের নিথরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, বিষন্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করে। গত ২৪ জানুয়ারি প্যারোলে মুক্তি না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।

কারা কর্তৃপক্ষের মানবিক অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী কানিজ স্বর্ণালী ও নয় মাসের শিশুসন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে।