ডিএনডি লেকে ভাসছিল ২ কিশোরের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা দুজন শুভ (১৫) ও মনিরুল (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুলের বাবা মোহাম্মদ জাকিরের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে শুভর বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও শুভ ও মনিরুল নিখোঁজ হয়। পরদিন ভোরে লেকের পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুম বিল্লাহ বলেন, নিহতদের পরিবারের আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।