logo
Advertisement

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: আমিনুল হক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শরীয়তপুর, ঢাকা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: আমিনুল হক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: এশিয়া পোস্ট

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে খেলাধুলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়নের মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন চলমান রয়েছে। এসব আয়োজনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, বাংলাদেশে খেলাধুলা আবারও প্রাণ ফিরে পাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমাদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ভালো খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে, তাদের সার্বিক সুযোগ করে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণের জন্য ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে মাঠ সংরক্ষণের মাধ্যমে সারা দেশে খেলাধুলার পরিবেশ তৈরি করতে চায় সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে। আমরা চাই, শহরের পাশাপাশি গ্রামের ছেলে-মেয়েরাও সমানভাবে খেলাধুলার সুযোগ পাক। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।

তিনি করেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা গেলে তাদের একটি ইতিবাচক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমিনুল হক আরও বলেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই এ ধরনের খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব। সেই সমাজ আমাদের বিশ্বাস করাবে যে, আমরা সঠিক পথে রয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।

এদিকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর ছিল পুরো মাঠ।

ফাইনাল ম্যাচে চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। সেখানে আরশিনগর ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চরচান্দা ফুটবল একাদশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসিরউদ্দিন কালু এবং শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।