logo
Advertisement

মৌলভীবাজারে এনসিপির দুপক্ষের সংঘর্ষ, পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,মৌলভীবাজার
মৌলভীবাজারে এনসিপির দুপক্ষের সংঘর্ষ, পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারে এনসিপির দুপক্ষের সংঘর্ষে আটকদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার অন্য চারজন হলেন, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘ দিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী তামিম আহমদ জানান, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন এবং মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালান।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি তারা অবগত আছেন এবং এ বিষয়ে দলীয়ভাবেও তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।