দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে।
তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানির বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রিফাইনারির উৎপাদন ধীরগতিতে চলছে উল্লেখ করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, বর্তমানে দুটি ইউনিটের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে পেট্রোল ও বিটুমিনের উৎপাদন অব্যাহত রয়েছে। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এ মাসে একটি জাহাজে এক লাখ টন অপরিশোধিত তেল আসবে।
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানিসচিব মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী প্রমুখ।