হৈবতপুরে খাল পুনর্খনন শুরু, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ১৭ গ্রাম

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে তিন কিলোমিটার দীর্ঘ সিরিজ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে ইউনিয়নের ১৭টি গ্রামের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে কোদাল দিয়ে কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনর্খনন বিএনপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষিব্যবস্থা শক্তিশালীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, হৈবতপুর ইউনিয়নের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। ফলে বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পাবে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সহজ হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, খাল পুনর্খননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষকরা সময়মতো জমিতে পানি সরবরাহ করতে পারবে এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনে সক্ষম হবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতারা।
২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই খাল পুনর্খনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিকরা এ কাজ করবেন। তিন কিলোমিটার খাল পুনর্খননে মোট ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।