জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার বাগজানা রেলগেটের প্রায় ৫০ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাকে বাগজানা রেলস্টেশন এলাকায় দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি বাগজানা রেলগেটসংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।




