চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাইবোন আটক

বরিশালের বাবুগঞ্জে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছেন স্থানীয় লোকজন। তারা সম্পর্কে আপন ভাইবোন। পরে তাদের আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রে সোপর্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) ও তার ভাই জসিম সরদার (৪০)।
আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকানসহ ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন, আসাদুল ইসলামসহ কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে টিটুর চায়ের দোকানে চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয় লোকজন এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।
আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলনের দাবি, আটক জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি যাওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আটকের পর দুজনকে মারধর করা হয়। পরে তাদের আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে সোপর্দ করা হয়।
আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
