ভাঙচুর করে ভারতে পালানো টুঙ্গিপাড়ার যুবক সীমান্তে আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে গোপালগঞ্জের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) হিজলদী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
৩৩ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্ত তালুকদার ২০২৫ সালে গোপালগঞ্জের গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। পরে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
বিজিবির দাবি, চলতি বছরের ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্থানে ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন তিনি। সেখান থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
