সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন। রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেন। এ সময় ছিনতাইকারী দলের দুজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়ে যান। স্থানীয়রা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।