সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শিক্ষকের

সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুতায়িত হয়ে অসিত চন্দ্র দাস (৩৫) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌর সদরের মজলিসপুর এলাকায় নির্মাণাধীন নিজের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত অসিত উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সতানন্দপুর গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি দিরাই পৌরসভার মজলিসপুর এলাকায় বসবাস করতেন। তার দুটি কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ৭ ও ৪ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটার দিকে মজলিসপুর এলাকায় নির্মাণাধীন নিজের বাড়িতে কাজ করার সময় অসিত চন্দ্র দাস বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মজলিসপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিল্টন দাস জানান, নতুন বাড়ির নির্মাণকাজের সময় অসিত চন্দ্র দাস বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।